রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

রাজশাহী: রাজশাহীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে বিএনপির ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল। সকাল ছয়টার দিকে রাজশাহী নগরীর বন্ধগেট এলাকায় তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা।
পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া নগরীর আরো কয়েকটি এলাকায় টায়ারে আগুন ধরিয়ে দিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা চালায় তারা।
সকাল আটটার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূবনমোহন পার্কে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এছাড়া নগরীর আর কোথাও বিএনপি কর্মীদের পিকেটিং লক্ষ করা যায়নি।
এর আগে সোমবার রাত ১১টার দিকে হরতাল সমর্থকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজারে অপসোনিন ওষুধ কোম্পানির একটি পিকআপ ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
হরতালকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর থেকেই রাজশাহী নগরীজুড়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, সোনাদিঘীর মোড়, আলুপট্টি, বিনোদপুর, তালাইমারী, ভদ্রা, লক্ষ্মীপুর, কোর্টসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করার পর রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মঙ্গলবারও তা বলবৎ রয়েছে।
রোববার পুলিশের গুলিতে দু’জন নিহত হওয়ার পর সৃষ্ট সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি হয়। সেখানেও হরতাল চলছে। বিজিবি ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।
এদিকে, হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার ও আন্তঃজেলা রুটের বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। নগরীর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট রয়েছে বন্ধ। তবে রিকশা, অটোরিকশা স্বাভাবিক রয়েছে।
রাজশাহী রেলস্টেশন থেকে সকালে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এবং খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসসহ কয়েকটি রুটে ট্রেন ছেড়ে গেছে।
Share this:
LIKE US on FACEBOOK
নিউজ সোর্স b24/মজ / ডেস্ট