Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
দেশব্যাপী জাতীয় পতাকা উত্তোলন করে শাহবাগ চত্বরের আন্দোলনকারীদের ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও বাসা-বাড়িতে ওড়ানো হয় জাতীয় পতাকা। এছাড়া বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জামায়াত-শিবির ও বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন। এদিকে সকাল ১১টায় শাহবাগ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে টানা ২৬ দিনের কর্মসূচি শুরু করেন গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। এর পাশাপাশি জাতীয় জাদুঘরের সামনে স্থাপিত মিডিয়া সেলে চলে গণস্বাক্ষর অভিযান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাহবাগ এলাকাকে নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে। কয়েক শ’ পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য সতর্ক নজরদারিতে রয়েছেন। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তোলা হয়। দিনটির স্মরণে গত ১লা মার্চ শাহবাগ প্রজন্ম চত্বরের সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার।
খালেদা জিয়া সামপ্রদায়িক দাঙ্গা উস্কে দিয়েছেন: ইমরান
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া চলমান সহিংস ঘটনায় হতাশাজনক বক্তব্য দিয়ে সামপ্রদায়িক দাঙ্গা উস্কে দিয়েছেন বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার। বলেছেন, জামায়াত-শিবির সংখ্যালঘুদের ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। খালেদা জিয়ার হতাশাজনক বক্তব্য দিয়ে এ হামলা উসকে দিচ্ছেন। গতকাল রাতে শাহবাগের প্রজন্ম চত্বরে নতুন কর্মসূচি ঘোষণাকালে এ মন্তব্য করেন তিনি। ডা. ইমরান বলেন, জামায়াত-শিবির সারাদেশে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। এই দাঙ্গা ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। সবাইকে দাঙ্গা প্রতিহতের আহ্বান জানিয়ে তিনি বলেন, হিন্দু সমপ্রদায়ের উপসনালয় পাহারা দিন। বাংলার হিন্দু, মুসলমান, বোদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এ দাঙ্গা প্রতিহত করুন। তিনি আরও বলেন, বাংলার জনগণ সদা জাগ্রত। আমরা এক সঙ্গে লড়াই করবো। এই লড়াইয়ে জিততে হবে। জামায়াত-শিবিরের হরতাল প্রত্যাখ্যান করে রাজপথে থাকবো। যে কোন মূল্যে হরতাল প্রতিহত করতে হবে। আজ সকাল ১০টায় শাহবাগ থেকে হরতাল বিরোধী মিছিল করার ঘোষণা দেন তিনি। সবাইকে মিছিলে অংশ নেয়ার আহ্বান জানান।
নতুন কর্মসূচি
গতকাল গণজাগরণ মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনের প্রধান উদ্যোক্তা ডা. ইমরান। তিনি বলেন, আজ বিকাল ৩টায় রাজধানীর বাহাদুর শাহ পার্কে সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং ৫ই মার্চ যাত্রাবাড়ী চৌরাস্তায় অনুষ্ঠিত হবে সমাবেশ। তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধুর ৭ই মার্চে দেয়া ঐতিহাসিক ভাষণ স্মরণে দিনটিতে জাগরণ মঞ্চের কর্মসূচিতে থাকবে শিখা চিরন্তনে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সমাবেশ ও প্রতিবাদী গান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬শে মার্চ বিকাল ৩টায় প্রজন্ম চত্বর এবং জেলা ও বিভাগীয় সদরে গণজাগরণ মঞ্চে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।
ঢাবিতে বিক্ষোভ
পতাকা উত্তোলনের পর বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ. বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার, জাসদ ছাত্রলীগের সভাপতি হুসাইন আহমেদ তফসির প্রমুখ। মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
রাজধানীতে পতাকা উত্তোলন
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশাল আকারের পতাকা উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আমির হোসেন, নৃজ্ঞিান বিভাগের সভাপতি অধ্যাপক আইনুন নাহার, অধ্যাপক ফারজানা ইসলাম, ড. আনোয়ার খসরু পারভেজ প্রমুখ। রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল ও কলেজে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, শাহবাগের আন্দোলনের সঙ্গে আমাদের নৈতিক সমর্থন রয়েছে যুদ্ধাপরাধের বিচারে। আমাদের মেয়েরা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। এসময় তারা জাতীয় পতাকা নিয়ে ক্যাম্পাসে অবস্থান করে। জাতীয় পতাকা উত্তোলন করে দলীয়ভাবে জাতীয় সংগীতও গায় তারা। রাজধানীর মতিঝিল মডেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেও এই কর্মসূচি পালন করা হয়। অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, আমাদের এখানে শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ করেছে। আমারও ছিলাম। এছাড়া রাজধানীর হলিক্রস কলেজ, মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা ওড়ানো হয়। এসময় শিক্ষার্থীরা যুদ্ধাপরাধের ফাঁসির দাবিতে নানা স্লোগানও দেয়।
কঠোর নিরাপত্তা বলয়ে শাহবাগ
শাহবাগ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল সকালে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় ২৬তম দিনের কর্মসূচি। আজ থেকে তিন দিনের জামায়াত-বিএনপির হরতালের আগে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সকাল থেকেই শাহবাগে নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী শাহবাগের গণজাগরণ মঞ্চ ও আশপাশে অবস্থান নেন। বিকেলে রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের খবরে শাহবাগ এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা। শাহবাগ এলাকায় জলকামান, রায়ট কারসহ বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। টিএসসি থেকে রূপসী বাংলা এবং আজিজ সুপার মার্কেট থেকে মৎস্য ভবন পর্যন্ত পুরো এলাকা পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।
আমাদের প্রতিনিধিরা দেশব্যাপী পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলের রিপোর্ট পাঠিয়েছেন।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, শাহবাগ প্রজন্ম চত্বরের আহবানের একাত্মতা প্রকাশ করে ময়মনসিংহের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জাতীয় পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। জাতীয় সংগীত শেষে রাজাকারের ফাঁসির দাবিতে স্কুল থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের স্টেশন রোড হয়ে আবার স্কুলে এসে শেষ হয়।
লালমনিরহাট প্রতিনিধি জানান, মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সদর উপজেলা কমান্ডের আয়োজনে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গতকাল সকালে লালমনিরহাট সদর উপজেলা তিস্তা মোস্তাক আহমেদ ফাজিল মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদ্রাসার ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতেই সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ পৌর কলেজে এবং সাড়ে ১১টায় সুনামগঞ্জ সরকারি কলেজে জাতীয় পতাকা হাতে নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, রংপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। রংপুর কারমাইকেল কলেজ, রংপুর কলেজ, বেগম রোকেয়া কলেজ, কালেকটরেট স্কুল ও কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করা হয়। এছাড়া আমাদের গোপালগঞ্জ, বরিশাল, দিনাজপুর, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, যশোরসহ বিভিন্ন জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা শাহবাগের আন্দোলনের সঙ্গে ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং পতাকা উত্তোলন করেছেন। -